‘প্লাস্টিক মুক্ত’ করতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের বাঁকুড়ার ইন্দাসের মঙ্গলপুর নামক এলাকায়। ‘গিভ অ্যান্ড টেক’ পলিসিকে কাজে লাগিয়ে এলাকাকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নিয়েছে মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েত।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এক কেজি ওজনের প্লাস্টিক জমা করলে সাতটি, পাঁচশ গ্রামে তিনটি এবং আড়াইশ গ্রামের ক্ষেত্রে একটি ডিম দেওয়ার কাজ শুরু হয়েছে। এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের পাঁচটি স্টল খোলা হয়েছে। যেখানে প্লাস্টিক জমা করার সঙ্গে সঙ্গেই হাতে হাতে মিলছে নির্দিষ্ট পরিমাণে ডিম।
মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকান্ত সরকার বলেন, বোর্ড মিটিংয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে পরীক্ষামূলকভাবে প্রকল্প শুরু করা হয়েছিল। বেশ ভালো সাড়া মিলেছে। পুরোপুরি না হলেও যদি ৯০ শতাংশ হলেও এলাকাকে প্লাস্টিকমুক্ত করা যায় সে চেষ্টা রয়েছে। এলাকার প্রতিটি ব্যবসায়ীকে প্লাস্টিক ব্যবহার বন্ধে নির্দেশিকা দেওয়া হয়েছে। অনেকেই কমিয়ে দিয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি