ভাতার কার্ডের নামে চেয়ারম্যানের অর্থ আদায়

টাঙ্গাইলের মির্জাপুরে ভাতার কার্ড ব্যবস্থা করে দেয়ার নাম করে ১৯ জনের কাছ থেকে জন প্রতি ৬ হাজার টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ৬নং আনাইতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ নিয়ে গত রোববার বিকেলে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা ও বিধবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী ভুক্তভোগীরা হলেন, আনাইতারা ইউনিয়নের আদৈঘ গ্রামের মৃত তাইজ উদ্দিনের স্ত্রী ফুলভানু বেগম, একই গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী জালেমন বেওয়া, ভারত দাসের স্ত্রী চিন্তা রানী দাস, আনাইতারা গ্রামের মৃত চন্দ্রমোহন দাসের স্ত্রী আদুরী দাস, একই গ্রামের আরান দাসের স্ত্রী শান্তি রানী দাস, সুশীল দাসের স্ত্রী বাতাসী রানী দাস, মৃত যোগেস দাসের স্ত্রী বাসন্তী রানী দাস, স্বদেশ দাসের স্ত্রী আরতি রানী দাস, মৃত গোপাল দাসের স্ত্রী যমুনা রানী দাস, মৃত শুকুর আলীর স্ত্রী হাজেরা বেগম, কান্দু দাসের ছেলে স্বদেশ দাস, আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুস ছালাম মিয়া, মো. মাঠু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন মিয়া, মো. মোকছেদ আলীর ছেলে রকিব উদ্দিন, মো. সদু মিয়ার ছেলে মো. শামছুল মিয়া, মো. হোসেন মিয়ার ছেলে ফালু মিয়া, মো. জালাল মিয়ার ছেলে মো. গনি মিয়া, খাগুটিয়া গ্রামের ছাইদুল্লাহর স্ত্রী রাফেজা আক্তার, একই গ্রামের আ: মজিদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে আনাইতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম লোক মারফত ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ১৯ জনকে ভাতার কার্ড করে দেয়ার নাম করে জন প্রতি ৬ হাজার করে আদায় করেন। এরপর ভাতার কার্ডের ব্যাপারে ভুক্তভোগীরা বেশ কয়েকবার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বারবার তাদের আশ্বাস দিলেও কার্যত কেউই ভাতার কার্ড পায়নি।

এ ব্যাপারে অভিযুক্ত আনাইতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কথা বলে তিনি বলেন, কেউ সরাসরি আমার কাছে ভাতার কার্ডের ব্যাপারে কোন টাকা পয়সা দেয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। চক্রান্ত করে আমার সম্মান ক্ষুণ্ন করার জন্য এমনটি করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, এ ঘটনায় তদন্ত কর্মকর্তা নির্ধারণ করে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর