সততার সাথে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি চসিক মেয়রের কড়া নির্দেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে কোনরূপ দুর্নীতি পেলে কঠোর শাস্তির কথা বলেছেন মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রকৌশল বিভাগের ৪৫তম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্দেশ্যে মেয়র নাছির এ হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদের যথাযথ নিয়মে সকল সুযোগ সুবিধা ও বেতন ভাতা দেওয়া হয়। তাই সকলের উচিত নিজ নিজ অবস্থান হতে সৎ ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা বাঞ্ছনীয়। কোন প্রকল্প শুরু করার আগে তা নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করার সম্ভাব্যতা যাচাই করে দেখতে হবে। গৃহীত প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে নিয়মিত কাজের তদারকি করতে হবে। কোন কারণে প্রকল্পে যাতে বারবার সিদ্ধান্ত পাল্টাতে না হয় সে ব্যাপারেও নজর রাখতে হবে। কেহ কোনরূপ দুর্নীতি ও দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও মেয়র সভায় আগ্রাবাদ এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোড, কেবি আমান আলী রোড সহ শহরের প্রধান প্রধান সড়ক নির্মাণ ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবু সাহেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, কামরুল ইসলাম, মনিরুল হুদা, আনোয়ার হোসেন, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ সহ প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর