কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে ইয়াবা বিরোধী অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।
গুলিবিদ্ধ র্যাব সদস্যরা হলেন- সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দীন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে এঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন (র্যাব-১৫)’র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম।
নয়াপাড়া রোহিঙ্গা শিবির সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়াবার চালান পাচারের সংবাদে র্যাব-১৫ সদস্যরা হ্নীলা নয়াপাড়া মৌচনী শরনার্থী ক্যাম্পে অবস্থান নেয়। এসময় কিছু বুঝে উঠার আগেই স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।
মেরিন সিটি হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ দুই র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, রোহিঙ্গা শিবিরে র্যাবের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটেছে। পরবর্তিতে গণমাধ্যমকে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।