রাজধানীর তেজগাঁও থানাধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংরক্ষিত এলাকায় দেওয়াল টপকে প্রবেশকারী শেখ রাসেলকে (২০) দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামি রাসেল নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝ বরাবর কাঁঠালগাছে উঠে ভেতরে প্রবেশ করার সময় নিচে পড়ে আহত হন আসামি শেখ রাসেল।
পরে এসপিবিএনের সহায়তায় তাকে এসএসএফ (অপারেশন) অফিসে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান এসপিবিএনের অফিসে যান।
তখন আসামি রাসেলকে চিকিৎসা দেওয়ার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় এএসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
পরে রিমান্ড আবেদনে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে রাসেলকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসক। যে কারণে আসামিকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় একটি গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত অফিস। অপরাধমূলক কাজের উদ্দেশ্যে দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকেছেন বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদ করলে রাসেল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সেখানে তিনি গিয়েছিলেন। তবে সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে ঢোকার ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। একেক সময় একেক ধরনের কথাবার্তা বলেন।
বার্তাবাজার/কেএ