ববি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ২৮.১১%

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ‘ক’ ইউনিটে পাশের হার ২৫.৭৯ ভাগ, ‘’’ ইউনিটের পাশের হার ২৪.৬৯ ভাগ এবং ‘গ’ ইউনিটে পাশের হার ৪২.২১ ভাগ। ৩ টি ইউনিটে সামগ্রিকভাবে পাশের হার ২৮.১১ ভাগ।

সোমবার বিকেল সারে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে ফল প্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিষ্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।

উপাচার্য জানান, ভর্তি পরীক্ষায় মোট ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। যার মধ্যে থেকে ৪ হাজার ৭২১ জন পরীক্ষার্থী পাশ করেছেন। মোট পাশের মধ্যে ৩ হাজার ১৫৪ জন ছেলে ও ১ হাজার ৫৬৭ জন মেয়ে। ‘ক’ ইউনিটে ৯ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২ হাজার ৩৮৪ জন। ‘খ’ ইউনিটে ৪ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ১ হাজার ১৯৬ জন। ‘গ’ ইউনিটে ২ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১ হাজার ১৪১ জন।

‘ক’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন দেবশ্রী সরকার (১৭১.৫০), দ্বিতীয় হয়েছেন সাদিকা রহমান (১৬৭.০০) ও তৃতীয় হয়েছেন স্বর্ণা দাস (১৬৫.৩০)। ‘খ’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন জোয়ারিকা সাওদা (১৬২.৮০), দ্বিতীয় হয়েছেন রুবিনা আক্তার (১৬০.৯৪) ও তৃতীয় হয়েছেন সামিয়া আক্তার মীম (১৬০.৫০)। ‘গ’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন রুমি আক্তার (১৭৪.৫), দ্বিতীয় হয়েছেন তাসনুভা ইসলাম নুর (১৬৭.৯) ও তৃতীয় হয়েছেন আবু তোরাব মুনতাসির বিল্লাহ (১৬৫.৫৬)। এরা সকলেই বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী।

উল্লেখ্য, ২৭ ও ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখ ক, খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চয়েজ ফরম পূরণ শুরু হবে আগামী ০১ জানুয়ারী থেকে।

১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারী। ১ম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারী পর্যন্ত। ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ০৯ ফেব্রুয়ারি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর