ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি করিয়ে দেয়া হবে এমন প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে ভর্তি জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) সাদ্দাম হোসেন নামের ওই জালিয়াতকে ঝিনাইদহের ভায়না থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ।
আটককৃত সাদ্দাম হোসেনের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার ভায়না গ্রামে। তার পিতার নাম আব্দুল আজিজ। সে কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।
জানা যায়, অভিযুক্ত সাদ্দাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক এক ছাত্রীকে অপেক্ষমাণ তালিকা থেকে দেড় লাখ টাকার বিনিময়ে আইন বিভাগে ভর্তি করিয়ে দেয়ার চুক্তি করে এবং বিকাশ ও নগদ মিলিয়ে দুই দফায় ৮৫ হাজার টাকা নেয়।
পরবর্তীতে ভর্তিচ্ছু ছাত্রী অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রমে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে ভর্তির সুযোগ পেলে সাদ্দামের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানায়।
এতে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে ওই শিক্ষার্থীকে নানা ভাবে হুমকি দেয়। হুমকির বিষয়টি ওই শিক্ষার্থীর পরিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
এদিকে আটকের পর সাদ্দাম হোসেনের কাছ থেকে নগদ ৮২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। যা রোববার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে ফেরত দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
এবিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে জানাই এবং গত শনিবার পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এদিকে এর সাথে কোনো চক্র জড়িত আছে কিনা বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে বলে জানান তিনি।
বার্তাবাজার/এমকে