থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন (ক্র্যাবের) বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে আগে যেমন হুলস্থূল করা হতো, রাস্তাঘাট বন্ধ করে ভয়াবহ যে পরিস্থিতি তৈরি করা হতো, সে রকম যাতে না হয়, সবাই যাতে ভালোভাবে আনন্দ প্রকাশ করতে পারে, কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে সেজন্য আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছি।’
‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। আমি আশা করি, সুন্দরভাবে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন এবং আগামী বছরকে আহ্বান করতে পারবো। আগামী বছরের দিকে আমরা তাকিয়ে রইলাম।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক কথাটা লিখলেই অনেকে ক্রোধান্বিত হন। আমরা সব সময় পাশে আছি। পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। অনেক ঘটনা পুলিশের আড়াল হয়ে যায়, সেটা সাংবাদিকরা তুলে ধরেন।
সুন্দরবনে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে তাদের আত্মসমর্পণে উৎসাহ দিচ্ছেন (সাংবাদিকরা)। আমরা সমালোচনা চাই। সেটা করতে পারলে দেশ এগিয়ে যাবে, যোগ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।
বার্তাবাজার/কে.জে.পি