ইফতেখায়রুল ইসলাম ইফতি। একজন পুলিশ কর্মকর্তা। ডিএমপিতে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত আছেন। প্রায়ই দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ইতিবাচক লেখালেখি করেন। আবার শখের বশে মাঝেমধ্যে গান এবং কবিতা আবৃত্তিও করেন। তবে এবার একটি গান নিয়ে আসছেন নতুন বছরে। তার গান দিয়েই নতুন বছরের খাতা খুলতে যাচ্ছে দেশের অন্যতম সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা।
গানের শিরোনাম ‘কি হতে কি হলো’। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত পরিচালনায় রেজওয়ান শেখ। ইতোমধ্যে গানের রেকর্ডিং ও ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
আর গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজু আহমেদ। সঙ্গীতার ব্যানারে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রকাশ হবে।
এ প্রসঙ্গে ইফতেখায়রুল ইসলাম ইফতি বলেন, আমি মূলত শখের বশেই গান করি। ছোটবেলায় গান শিখতাম। ব্যস্ততার কারণে এখন আর চর্চা নেই। তবে সেই সুপ্ত ইচ্ছাটাই এখন বিকশিত হচ্ছে। আশা করি গানটি শুনলে সবার ভালো লাগবে।
তিনি আরও বলেন, গানে নিয়মিত না থাকলেও আবৃত্তি করি। একটি ইউটিউব চ্যানেল আছে আমার। সময় পেলে নিজের আবৃত্তি চ্যানেলটিতে আপলোড করি।’
প্রসঙ্গত, ইফতির এটি দ্বিতীয় মৌলিক গান। এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় তিনি সিডি চয়েসের ব্যানারে ‘জয় পরাজয় বড় কথা নয়’ শিরোনামে প্রথম মৌলিক গান প্রকাশ করেন।
বার্তা বাজার/এম.সি