তারকা খচিত নয় বলেই বঙ্গবন্ধু বিপিএলের শুরুটা ছিল নিদারুণ বিবর্ণ। কিন্তু টুর্নামেন্ট যতোই গড়াচ্ছে তারকাদের সমাহার ততই বাড়ছে। তাতে টুর্নামেন্টও বর্ণিল হয়ে উঠছে। দিন চারেক আগে রংপুর রেঞ্জার্সে যোগ দিয়েছেন মারকুটে অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। এবার আসছেন আরেক নন্দিত তারকা। তিনি আর কেউ নন, দক্ষিণ আফ্রিকার আইকনিক ব্যাটসম্যান হাশিম আমলা।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই ব্যাটসম্যান যোগ দিচ্ছেন খুলনা টাইগার্স শিবিরে। মঙ্গলবার টাইগার্সদের সঙ্গে যোগ দিচ্ছেন ডান-হাতি এই ওপেনার। আগামী ৩ জানুয়ারি সিলেট পর্বে খুলনার প্রথম ম্যাচে খেলার কথা রয়েছে তার। থাকবেন টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
খুলনার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমলা ঢাকায় আসবেন আগামীকাল (৩১ ডিসেম্বর, মঙ্গলবার)। তারা দু’জনই দলের সঙ্গে থাকবেন টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত।’
টেস্ট ও ওয়ানডেতে আমলা দুর্দান্ত খেললেও টি২০ ক্রিকেটেও কম না। এখন পর্যন্ত এই ফরম্যাটে ১৫৪ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১২৬ স্ট্রাইক রেটে ৪২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।
চলতি বিপিএলে ব্যাটে বলে দারুণ খেলছে খুলনা। সাত ম্যাচের পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান মুশফিকুর রহিমের দলের।
বার্তাবাজার/কে.জে.পি