ঢাকার দুই সিটির নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে বর্তমান মেয়র আতিকুলের নাম আবারও ঘোষণা করা হয়। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন মুখ হিসেবে নাম ঘোষণা করা হয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম।
প্রথম থেকেই ডিএসসিসির বিদায়ী মেয়র সাঈদ খোকনকে নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। বিশেষ করে মনোনয়ন সংগ্রহের দিন খোকন ‘কঠিন সময় যাচ্ছে’ বলে কেঁদে ফেলায় সেই শঙ্কা আরও বাড়ে। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো, ডিএসসিসির নির্বাচনে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।
প্রার্থীতার প্রসঙ্গে মেয়র সাঈদ খোকন গতকাল কোনও মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিস্ট সূত্রে জানা গিয়েছিল, দলের মনোনয়ন ঘোষণার দিন নিজের বাসাতেই ছিলেন মেয়র সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনেও যাননি তিনি। তবে আজ (সোমবার) নিজের মন্তব্য জানাবেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বিকেল ৩টায় নগরভবনে গণমাধ্যমের কর্মীদের কাছে নিজের মন্তব্য জানাবেন।
বার্তাবাজার/কে.জে.পি