শিল্পাচার্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পালিত হয়নি তাঁর জন্মদিন

গুগলের হোমপেজে গতকাল সারা দিন প্রদর্শিত হয়েছে প্রকৃতির সান্নিধ্যে বসে ছবি আঁকছেন আমাদের জয়নুল। শিল্পাচার্যের ১০৬তম জন্মদিনে শুভেচ্ছা জানাতেই এ ডুডল প্রদর্শন করে গুগল।

গতকাল ২৯ ডিসেম্বর শিল্পীর ১০৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে তিন দিনের জয়নুল উৎসব। অন্যান্য স্থানেও দিনটি পালিত হচ্ছে গুরুত্বের সঙ্গে। অথচ বাংলাদেশের চিত্রকলাজগতের প্রাণপুরুষের জন্মদিনে কোনো উদ্যোগ চোখে পড়েনি তাঁরই প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। এ নিয়ে শিল্পী, বোদ্ধা ও এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা যায়, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আগ্রহে ও পরিকল্পনায় ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছর মহান এ শিল্পীর প্রতি সম্মান জানাতে শিল্পীর জন্মদিন পালিত হয়ে আসছে।

সরেজমিনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে দেখা যায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যালয়ের সামনে শিল্পাচার্যের যে পিতলের ভার্স্কযটি রয়েছে, তাতে ময়লার আস্তরণ। তাঁর জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চোখে পড়েনি কোনো আয়োজন।

প্রতিষ্ঠানের পরিচালক ড. আহমদ উল্লাহর সঙ্গে যোগাযোগ করতে গেলে উপপরিচালক রবিউল ইসলাম বলেন, ‘স্যার বিদেশ সফরে আছেন। আগামীকাল আসবেন। জয়নুল আবেদিনের জন্মদিনে তাঁরই প্রতিষ্ঠানের পরিচালক কেন বিদেশ সফরে- এমন প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন। বলেন, ‘আমরা চারুকলায় অনুষ্ঠিত শিল্পীর জন্মদিনের শ্রদ্ধা জানিয়েছি। স্যার আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করব।

দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা জানান, গুগলে জয়নুল আবেদিনের ছবি দেখে তারা ভেবেছিলেন সোনারগাঁয়ে জন্মদিন উপলক্ষে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এসে যা দেখলেন তা জাতির জন্য অত্যন্ত লজ্জার।

স্থানীয়রা জানান, সোনারগাঁয়ের ঐতিহ্যকে বিশ্বের মাঝে তুলে ধরেছে জয়নুল আবেদিনের এ জাদুঘর। যাদুঘর প্রতিষ্ঠার পর থেকেই আনন্দ, উদ্দীপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জয়নুলকে স্মরণ করতে দেখেছেন তারা। এবারই প্রথম ঘটনা শিল্পীর জন্মদিনে পরিচালক বিদেশ থাকার কারণে কোনো অনুষ্ঠানই করা হয়নি। সূত্র: কালের কণ্ঠ

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর