ভাগ্য ফেরানোর লক্ষ্যে মুখোমুখি সিলেট-রংপুর

বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয় জয়ের জন্য দুপুরে মাঠে নামছে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। এখন পর্যন্ত মাত্র ১টি করে ম্যাচ জিতেছে দু’দল। ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে সিলেট ও রংপুর। তাই এবারের আসরে দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছে দু’দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

টুর্নামেন্টের শুরু থেকেই ভাগ্য পক্ষে কথা বলছে না সিলেট ও রংপুরের। হার দিয়ে আসর শুরু করে দল দু’টি। এমনকি এক সঙ্গে টানা চার ম্যাচও হারে সিলেট ও রংপুর। ঢাকা পর্বে প্রথম তিন ম্যাচে ও চট্টগ্রাম পর্বে এক ম্যাচে হারে সিলেট। আর ঢাকা পর্বে প্রথম দুই ম্যাচে ও চট্টগ্রাম পর্বে দু’ম্যাচে হারের লজ্জা পায় রংপুর।

একইভাবে পথচলা শুরুর পর একই সাথে জয়ের স্বাদ নেয় সিলেট ও রংপুর। অর্থাৎ নিজেদের পঞ্চম ম্যাচেই জয় তুলে নেয় তারা। চট্টগ্রামের মাটিতে নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের স্বাদ নেয় সিলেট থান্ডার। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরিতে ৮০ রানে ম্যাচ জিতে সিলেট।

রংপুরের প্রথম জয়টি আসে শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। সেটি ছিলো চট্টগ্রামের মাটিতেই। টানা দু’ম্যাচ দু’শ রান করার পর রংপুরের বিপক্ষে ৭ উইকেটে ১৬৩ রান করে চট্টগ্রাম। ইংল্যান্ডের লুইস গ্রেগরির ৩৭ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৭৬ রান রংপুরকে প্রথম জয়ের স্বাদ দেয়।

পয়েন্ট টেবিলে এমন চিত্রের পরও প্লে-অফের আশা ছাড়ছেন না রংপুরের কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘যদি আমরা পরের ম্যাচগুলোতে জয় পাই, তবে প্লে-অফে খেলতে পারবো। আমি মনে করি, টুর্নামেন্টে এখনো আমাদের আশা রয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর