বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথে শ্রীলঙ্কার আসিলা গুনারত্নেকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লঙ্কান এ ব্যাটিং অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করছে চট্টগ্রাম কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে ৬ টিতেই জয়লাভ করেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই টুর্নামেন্টের শেষ চারে এক পা দিয়ে রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। দলকে আরও শক্তিশালী করতে এবার গুনারত্নেকে দলে নিয়েছে তারা। গুনারত্নেকে দলে নেওয়ার তথ্যটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে চট্টগ্রাম কর্তৃপক্ষ।
গুনারত্নে এবারই প্রথম বিপিএল খেলার সুযোগ পাচ্ছেন। এর আগে, ঢাকা প্রিমিয়ার লিগের গত আসর মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন তিনি। গুনারত্নে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পারদর্শী। ৩৩ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার শ্রীলঙ্কার জার্সিতে ৬টি টেস্ট ও ৩১টি ওয়ানডের পাশাপাশি ১২টি টি-টুয়েন্টি খেলেছেন। এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি