কনিকা এখনো জানেনা তার স্বামী আর দুই মেয়ে বেঁচে নেই

কণিকা ও তার ছেলে মন্টি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কণিকা আক্তার এখনো জানেন না তার প্রাণপ্রিয় স্বামী ও বুকের ধন দুই মেয়ে আর বেঁচে নেই। তিনি বারবার জানতে চাচ্ছেন স্বামী ও মেয়েদের কথা। স্বজন ও চিকিৎসকরা তাকে নানা কথা বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু কথা বলতে পারলেই কণিকা একই প্রশ্ন করে চলেছেন।

এরই মধ্যে নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান, তাঁর দুই মেয়ে আশরা আনাম খান ও তাসমিন জাহান খানের নামাজে জানাজা গতকাল রবিবার চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে সাইফুজ্জামান ও পরে দুই মেয়ের জানাজা হয়। জানাজা শেষে পারিবারিক

কবরস্থানে তাদের সমাহিত করা হয়। এ সময় হাজারো মানুষের চোখের জলে গ্রামের প্রকৃতিও যেন নিস্তব্ধ হয়ে যায়।

এ দিকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবারের সকালে দুর্ঘটনার মুহূর্তটি মোটামুটি মনে আছে সাইফুজ্জামানের স্ত্রী কণিকা আক্তারের। তিনি আহত হলেও স্বামী ও দুই মেয়ের মর্মান্তিক অবস্থা দেখেছেন। তাই কোনো ক্ষতি হয়েছে এমন অজানা শঙ্কা থেকেই তাদের ব্যাপারে বারবার জানতে চাচ্ছেন।

নিহত সাইফুজ্জামানের বড় ভাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান আমাদের সময়কে বলেন, কণিকার শরীরের একাধিক হাড় ভেঙে গেছে। তবে মাথায় তিনি গুরুতর আঘাত পাননি। ফলে শুরু থেকেই তিনি মোটামুটি স্বজ্ঞানে আছেন। দুর্ঘটনার মুুহূর্তটিও তার মনে আছে। তিনি বারবার স্বামী ও দুই মেয়ের কথা জানতে চাচ্ছেন। কিন্তু এ মুহূর্তে আমরা বিষয়টি তাকে জানাইনি। আমরা তাকে বলেছি, সাইফুজ্জামান ও দুই মেয়ে হাসপাতালের অন্য ওয়ার্ডে ভর্তি আছে। কিন্তু তিনি তা মানতে চাচ্ছেন না। তিনি তাদের এক পলক দেখতে চান।

ড. মোস্তফা কামাল খান বলেন, আহত শিশু তাহসিন মন্টির অবস্থা এখনো গুরুতর। গতকাল একবার বাম চোখ খুলেছিল। কয়েকবার হাত পা নাড়াচাড়া করেছিল। এর বাইরে তার কোনো ধরনের উন্নতি নেই। গতকাল আহত দুজনকেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনার কথা ছিল। কিন্তু চট্টগ্রামের ভাটিয়ারিতে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কারণে ওই এলাকায় সব ধরনের বেসরকারি উড্ডয়ন নিষিদ্ধ ছিল। চিকিৎসকরা বলেছেন, এ মুহূর্তে সড়কপথে তাদের ঢাকায় নেওয়ার মতো অবস্থাও নেই।

গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকু- ফৌজদারহাট বাইপাস মোড়ে ঢাকামুখী প্রাইভেটকারকে একটি কনটেইনারবাহী লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় দুই মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান। সাইফুজ্জামাননের আহত স্ত্রী কণিকা ও ছেলে তাহসিন মন্টিকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর