সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও ২০ দল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্ণ হবে সোমবার। এ দিনটিকে ‘গণতন্ত্র বিজয় দিবস’ হিসেবে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে একই দিন ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন করবে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ‘গণতন্ত্র বিজয় দিবস’ পালনের কথা জানান। তিনি বলেন, সোমবার বিকাল ৩টায় সারা দেশে বিজয় দিবস পালন করা হবে।

একই ‍দিন ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন করবে ২০ দলীয় জোট। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়রম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছে গত বছর, এ কারণে ২০ দলীয় জোট ওইদিনটাকে ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করবে। এ উপলক্ষে বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জোটের পক্ষ থেক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশের ২৯৯টি আসনে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। মোট ২৯৮ জন সংসদ সদস্যের নামে গেজেট জারি করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ একাই জিতে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোট পায় ৭টি আসন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর