শেষ তিন ম্যাচে না খেলার কারণ জানালেন তাসকিন

এবারের বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। শুরুর আগে প্রত্যাশা অনেক থাকলেও বল হাতে পারফর্ম করতে পারেননি তিনি। এজন্য বাদ পড়তে হয়েছে তিন ম্যাচ খেলার পরই। না খেলতে পেরে তাসকিন জানালেন, এটা দুঃখজনক।

আজ রোববার বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে এই পেসার বলনে, ‘আসলে কিছুটা দুঃখজনক লাস্ট তিনটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। এটা আসলে ক্যারিয়ারের অংশই। সামনে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করব।’

তাসকিনের সঙ্গে দলের অবস্থাও ভালো না। ছয় ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। সাত দলের মধ্যে অবস্থান সাত নম্বরে। তাসকিন তিন ম্যাচ খেলে একটি উইকেটও পাননি। বল হাতেও ছিলেন খরুচে।

‘যে তিনটা ম্যাচ খেলেছি কোনো উইকেট পাইনি, এটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকলে হবে না। ট্রেনিংয়ে চেষ্টা করছি উন্নতির। সামনে সুযোগ পেলে কাজে লাগাতে পারব আশা করছি’,বলেন তাসকিন।

বল হাতে খারাপ করার কারণ বলতে গিয়ে তাসকিন জানালেন ব্যাটিং বান্ধব উইকেটের কথা। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে দুই একটা লুজ বল হয়েছে ওগুলোতে বাউন্ডারি হয়েছে।

চট্টগ্রামে উইকেট এমন যে ভালো বলেও বাউন্ডারি এসেছে ওভারঅল সবমিলিয়ে ব্যাটিং বান্ধব উইকেট এবারের বিপিএল, সব বোলারই মোটামুটি খরুচে। আমি চেষ্টা করব সামনে সুযোগ পেলে, যদিও এটা অজুহাত হতে পারে না উইকেট ব্যাটিং বান্ধব। আমি আসলে নিজে ভালো করতে পারিনি এটা আমারই ব্যর্থতা।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর