জামালপুরের সরিষাবাড়ীতে ধান ক্ষেতের ডোবা থেকে গিয়াস উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের নয়াপড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পৌরসভার তারিয়াপাড়া গ্রামের মৃত রসুল মুন্সির ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন শনিবার বিকেলে তারিয়াপাড়া নিজ বাড়ি থেকে বের হয়। এর পর সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোজাখুঁজি করতে থাকে। রোববার সকালে পাশের মহাদান ইউনিয়নের সানাকৈর নয়াপাড়া গ্রামের বিলের ধান ক্ষেতের পানিতে এক বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়া। এ সংবাদ পেয়ে নিহতের ছেলে আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, তার বাবা গিয়াস উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলো। সে চোখেও কম দেখতো। মাঝে মধ্যে সে হারিয়ে গেলে তাকে খোজে বের করতে হতো।
সরিষাবাড়ী থানার এস আই মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের নয়া পড়া বিলের পানি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস