শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসের সুপারিন্টেন্ড ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক

শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসের এসএএস সুপারিন্টেন্ড মোঃ ইউনুস মিয়া (৪০) কে ঘুষের ৫০ হাজার টাকাসহ ২৯ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় আটক করেছে দুদকের একটি অভিযানিক দল। আটককৃত মোঃ ইউনুস মিয়া নেত্রকোনা জেলা সদরের দরুণবালি গ্রামের জনৈক মোশারফ হোসেনের ছেলে।

দুদক এর অভিযানিক দল সূত্রে জানা গেছে, শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক মোঃ আব্দুল হানিফ মিয়ার বিগত ২০০৮ সাল থেকে চলতি ২০১৯ সাল পর্যন্ত (১৩৭) মাসের ১৬ লাখ ৭৯ হাজার ৭৯৯ টাকা বকেয়া বিল উত্তোলনের জন্য শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসের এসএএস সুপারিন্টেন্ড মোঃ ইউনুস আলীর দারস্থ হন। এদিকে বিলের টাকা প্রদানের জন্য ওই কর্মকর্তা মোঃ আব্দুল হানিফ মিয়ার কাছে ৯০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে অফিস সহায়ক আব্দুল হানিফ মিয়া তাকে প্রথমে ৪০ হাজার টাকা ঘুষ প্রদান করেন।

পরবর্তীতে বিষয়টি (দুর্নীতি দমন কমিশন) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল কর্তৃপক্ষকে জানান এবং চূড়ান্ত বিল উত্তোলনের সময় ২৯ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় ঘুষের ৯০ হাজার টাকার মধ্যে বাকী ৫০ হাজার টাকা ওই কর্মকর্তাকে প্রদানের সময় তার অফিস কক্ষে দুদক (দুর্নীতি দমন কমিশন) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল’র উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সহকারি পরিচালক আতিকুল আলম এর নেতৃত্বে দুদক অভিযানিক দলটি এসএএস সুপারিন্টেন্ড মোঃ ইউনুস মিয়ার অফিস কক্ষে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ তাকে হাতে নাতে আটক করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক এসএএস সুপারিন্টেন্ড মোঃ ইউনুস মিয়ার বিরুদ্ধে দুদক টিম কর্তৃক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর