সাভারে পরিবহন কাউন্টারে হামলার ঘটনায় আটক ১

ঢাকার সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় রাজু আহম্মেদ নামের এক পরিবহন ব্যবসায়ীর কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে রিয়াদ মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ।

এর আগে গত শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার শাহজালাল এক্সপ্রেস কাউন্টারে এই হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই কাউন্টারের ম্যানেজার রনি মিয়া বাদী হয়ে শুক্রবার রাতেই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আটক রিয়াদ মোল্লা (৪৫) বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় থেকে বিভিন্ন পরিবহন ও কাঁচামালের আড়ত থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতেন বলে অভিযোগে বাদী জানান।

অভিযোগ সুত্রে আরও জানা যায়, আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আজিজ নামের এক ব্যক্তির কাছ থেকে দোকান ভাড়া নিয়ে রাজু দীর্ঘদিন যাবৎ কাউন্টার পরিচালনা করে আসছেন। তবে বেশ কিছু দিন যাবৎ রিয়াদ মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কাউন্টারে চাঁদা দাবী করে আসছিলেন। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে কাউন্টার ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়া হয় বলে জানা যায়।

পরে শুক্রবার সকালে রিয়াদ মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারো কাউন্টারে আসে। এক পর্যায়ে কাউন্টারের মালিক রাজুকে সড়কের উপর ফেলে মারধর শুরু করে। এছাড়াও কাউন্টারে ভাঙচুর চালিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে যায়।

এদিকে রিয়াদ মোল্লা নামে ওই ব্যক্তি বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা আদায় করতো বলে অভিযোগ স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের। এমনকি জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি পরিচয় দিয়ে সে বাইপাইল এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ তাদের।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, এর আগে বাইপাইলে পরিবহনের চাঁদার টাকা ভাগ-ভাটোয়ারা নিয়ে রিয়াজ নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় রিয়াজের পক্ষে রিয়াদ মোল্লা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর