ভিপি নুরুল হক নুরের বহিষ্কার ও বিচারের দাবি সাদ্দামের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভবনে বহিরাগত নিয়ে প্রবেশ করায় ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডাকসুর এজিএস এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ ঘটনায় তিনি নুরের বহিষ্কার ও প্রশাসনিক বিচার দাবি করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ডাকসু ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, ‘২২ ডিসেম্বরের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত ডাকসুর কোনো প্রতিনিধির বিন্দুমাত্র সম্পর্ক নেই। উল্লেখিত সংঘর্ষ, হামলা-প্রতি হামলার সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেউ কোনোভাবেই জড়িত নয়।

সংঘর্ষের শুরুতে ডাকসু ভবনের নিচ থেকেই যদি ভিপি নুর তার বহিরাগত সঙ্গী-সাথীদের নিয়ে অন্যত্র চলে যেতেন তাহলে এই সংঘর্ষের যবনিকাপাত সম্ভব হতো এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি, ভাঙচুর, আহতের ঘটনা ঘটতো না।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘সিনেট সদস্য সনজিত চন্দ্র দাস, এজিএস সাদ্দাম হোসেন, সদস্য রাকিবুল ইসলাম ঐতিহ্য, সদস্য মুহা. মাহমুদুল হাসান সর্বাত্মকভাবে সংঘর্ষ থামানোর চেষ্টা করার পরও ভিপি নুর পুলিশের কাছে এদের নামে মামলার আবেদন করে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের ঘটনাস্থলে উপস্থিত না থাকার পরও মামলার আবেদনে তার নাম যুক্ত করা হয়েছে। এ মিথ্যা অভিযোগ দায়েরের জন্য ভিপি নুরের প্রতি ধিক্কার জানাচ্ছে।’

এছাড়াও ডাকসুর এজিএস সংবাদ সম্মেলনে ছয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. ডাকসু নেতৃবৃন্দ, সিনেট সদস্য, হল সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার অভিযোগ প্রত্যাহার করতে হবে।

২. ডাকসু ভবনের ভেতরে অবস্থিত নুরের সহযোগী বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ডাকসু ভবন ভাঙচুরের সঙ্গে জড়িত উভয় পক্ষের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে

৪. ডাকসু ভবনের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।।

৫. দুর্নীতির দায়ে অভিযুক্ত ডাকসু ভিপিকে পদত্যাগ করতে হবে, নুরের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করতে হবে।

৬. সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় নূরকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে অন্যথায় তার বিরুদ্ধে প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, তথ্য প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য রাকিবুল ইসলাম ঐতিহ্য, মুহা. মাহমুদ হাসান, তিলোত্তমা শিকদার প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর