কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাইম বড়াইবাড়ী এলাকার ঢেলখাওয়ার পুল নামক সেতুটির দুই দিকের রেলিং না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ১০টি গ্রামের শত শত মানুষ। গ্রাম গুলো হলো- কাইম বড়াইবাড়ী, চর বড়াইবাড়ী, হলোখানা, ঢেপরীর চর, খোচাবাড়ী, শান্তির চর, শুংশুঙ্গির হাট, ভাংড়ীর বাজার, ফকিরটারী, রাঙ্গামাটি।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোগডাঙ্গা ইউনিয়নের কাইম বড়াইবাড়ী এলাকার ঢেলখাওয়ার পুল নামক দুই দিকের রেলিং বিহীন সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে লোকজনের চলাচলের এমন চিত্র দেখা যায়।
জানা যায়, ব্রীজটির রেলিং ব্যবস্থা গত ১০/১২ বছর আগে ভেঙ্গে গেলোও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজটির উপর দিয়ে যাতায়াত করছে।

স্থানীয়- শাহজালাল, আলী হোসেন ও জবু মিয়া বলেন, আমাদের এলাকায় কোন ব্যক্তি গুরুতর অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজনে কুড়িগ্রাম মেডিকেলে নিতে চাইলে ব্রীজটির রেলিং ব্যবস্থা না থাকার কারনে কোন এ্যাম্বুলেন্স কিংবা ইমার্জেন্সি সার্ভিস দেয়া কোন গাড়ী বা যানবাহন এলাকায় প্রবেশ করে না। এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা ব্রীজটির উপর দিয়ে স্কুল যাওয়া কিংবা ফেরার সময় আমরা খুবই আতঙ্কিত থাকি।
পথচারী- তাইজুল ইসলাম, লুৎফর রহমান বলেন ব্রীজের রেলিং না থাকায় রাতের অন্ধকারে সাইকেল নিয়ে চলাচলের সময় আমরা সাইকেল থেকে নেমে খুবই আতঙ্ক নিয়ে হেটে চলাচল করি। এছাড়া শীতে ব্রীজটি দেখা না যাওয়ায় এবং রেলিং না থাকায় অনেক সময়ই ব্রীজের উপর থেকে মানুষ ও গরু ছাগল পড়ে গিয়ে আহত হয়। তাছাড়া আবাদী কোন ফসল আমরা ব্রীজ দিয়ে পারাপারের সময় খুবই আতঙ্কে থাকি।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, বলেন, আমার ইউনিয়নের এই ব্রীজটি মধ্যকুমরপুর ও কাইম বড়াইবাড়ী সংযোগ স্থল। এখান দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ চলাচল করে। এখানে একটি গার্লস স্কুল, একটি বয়েজ স্কুল, একটি কলেজ ও একটি দাখিল মাদরাসার শত শত শিক্ষার্থী এই ব্রীজটি দিয়ে পারাপার করে। এই ব্রীজটি অত্যন্ত আশু প্রয়োজন যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে। জন গুরুত্বপূর্ণ এই ব্রীজটি যেন দ্রুত সংস্কার হয় সেই লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কুড়িগ্রাম এলজিইডির নিবার্হী প্রকৌশলী মোঃ আঃ আজিজ মুঠোফোনে বলেন,অনেক গুলো ব্রীজের রিপিয়ারের তালিকা দেয়া হয়েছে। আমি দেখবো এ ব্রীজটির তালিকা আছে কিনা।
বার্তা বাজার / ডব্লিও.এস