কক্সবাজারের রামুতে মাটির ঘরের দেয়াল ধসে তৈয়বা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এঘটনায় শাশুড়ী ও এক নিকট আত্মীয় আহত হয়েছেন।
শনিবার ভোরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়বা আক্তার রামুর কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, শনিবার ভোরে আকস্মিক ভাবে আবদুস ছালামের নির্মাণাধীন মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রুবেলের স্ত্রী তৈয়বা ঘটনাস্থলে নিহত হন। মা আরেফা ও নিকট আত্মীয় রেহানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামু সদর হাসপাতালে প্রেরন করা হয়।
রামু থানার ওসি আবুল খায়ের জানান, খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/এম.সি