অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তরুণদের উদ্দেশ্যে বলেছেন, এখন সময় তোমাদের। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা কুপির আলোতে লেখাপড়া করেছি। লালমাই থেকে কুমিল্লায় হেঁটে লেখাপড়া করেছি। এখন তোমরা অনেক সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে লেখাপড়া করছ।
তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাদের ভবিষ্যৎ। দেশের মোট জনগোষ্ঠির ৬১ ভাগ তরুণ। আমরা দেশটাকে যেখানে রেখে যাব তোমরা সেখান থেকে শুরু করবে। বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
তোমরা মানুষকে ভালবাসবে, ইনসাফ কায়েম করবে, ফাঁকি দেবে না। আমি প্রত্যেক পরিবারে এক জন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
আজ বুধবার বিকেলে নাঙ্গলকোটের মনতলী রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ।
আপনাদের নিকট থেকে অনেক বেশি পেয়েছি। যা মূল্যায়ন করা যাবে না। আমি একটি ঐতিহাসিক অনুষ্ঠানে যোগদান করেছি। এ প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখব। এ প্রতিষ্ঠান থেকে অনেক আলোকিত মানুষ আমরা পেয়েছি।
যারা এ প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন। তারা আমাদের মাঝে অনন্তকাল থাকবেন। তিনি যুবকদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সমাজ, দেশের মানুষের জন্য কাজ করবে। তোমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিশ্বাস রাখবে।
জাতির পিতাকে সারাজীবন মনে রাখবে। জাতির পিতার মৃত্যু নেই। জাতির পিতা আমাদের মাঝে সূর্যের আলোর মতো দীপ্তমান। তোমরা আল্লাহর নির্দেশীত পথ থেকে বিচ্যুত হবে না। তোমরা মানুষকে ভালো হওয়ার পরামর্শ দিবে। সালিশ দরবারে ইনসাফ করতে হবে।
টাকা খেয়ে বিচার করা যাবে না। তোমরা লেখাপড়া করবে। সততার পরীক্ষায় সব-সময় পাস করতে হবে। আমি গরিব ছিলাম। গরিব থেকে এ অবস্থায় এসেছি। বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তোমরা এদেশের জন্য এবং আগামীর প্রজন্মের জন্য কাজ করবে।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের বিশেষ অতিথির ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল উদ্দিন সিদ্দিকি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এমরান কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মৌকারা দরবার শরীফের পীর আলহাজ্ব নেছার উদ্দিন ওয়ালিউল্লাহী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ছেরাজুল হক, সদস্য হানিফুজ্জামান সর্দার, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুদ্দিন প্রমুখ।
বার্তাবাজার/কেএ