মাদারীপুরে বাবার মৃত্যুবার্ষিকীতে দাওয়াত দেয়াকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সত্যবর্তী গ্রামের মজিদ ঘরামীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বড় ছেলে ফারুক খাওয়া-দাওয়ার আয়োজন করে। এতে বিভিন্ন লোকজনদের দাওয়াত দিলে আপন দুই ভাই ফারুক ঘরামী ও খায়রুল ঘরামীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে দুপুরে ওই দুই ভাইয়ের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
একপর্যায়ে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্তাবাজার/এমকে