আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এক সময় গ্রাম ছিল অন্ধকার। এখন গ্রাম শহরে পরিণত হয়েছে। উন্নয়নের ছোঁয়ায় সব কিছুতে পরিবর্তন এসেছে। এখন প্রয়োজন সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা।
আমি বিশ্বাস করি সৎ নিয়ত, সৎ আশা-আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেন। আমাদের প্রত্যেককে এটি মনে রাখতে হবে। বুধবার মা ফাতেমা খানমের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন তিনি।
এ সময় তোফায়েল আহমেদ তার বেড়ে ওঠা, রাজনীতির পথ চলায় মা ফাতেমা খানমের প্রেরণার কথা তুলে ধরেন। মায়ের নামে ভোলা জেলার উপশহর বাংলাবাজারে গড়ে উঠেছে ফাতেমা খানম কমপ্লেক্স।
যেখানে রয়েছে স্বাধীনতা জাদুঘর, দৃষ্টিনন্দন ফাতেমা খানম জামে মসজিদ, ১০ শয্যার ফাতেমা খানম মা ও শিশু কেন্দ্র হাসপাতাল, সরকারি ফাতেমা খানম শিশু পরিবার কেন্দ্র, ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা খানম বৃদ্ধাশ্রম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আজাহার ফাতেমা হাসপাতাল ও মেডিকেল কলেজসহ (নির্মাণাধীন) বহু স্থাপনা। ২০০৬ সালের ২৫ ডিসেম্বর ফাতেমা খানম মৃত্যুবরণ করেন।
স্মরণসভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি নিজাম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মো. গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
বার্তাবাজার/কেএ