রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্রুততম মানব হয়েছেন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী শাকিব হাসান শাফিন ও মানবী হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের জাকিয়া সুলতানা সূবর্ণা৷ প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে শাহ্ মখদুম হল এবং মেয়েদের গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
চ্যাম্পিয়ন শাহ মখদুম হল অর্জন করে ৭৩ পয়েন্ট এবং রানার আপ জিয়াউর রহমান হল অর্জন করে ৩৭ পয়েন্ট। অন্যদিকে মেয়েদের গ্রুপে ৮২ পয়েন্ট পেয়ে রোকেয়া হল চ্যাম্পিয়ন এবং ২৩ পয়েন্ট পেয়ে মন্নুজান হল রানার আপ হয়। প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নেয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, অ্যাথলেটিকস ও অ্যাকুয়াটিকস সাবকমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজরুল ইসলাম, হল প্রাধ্যক্ষগণ ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে