র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, বন্দুক-ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো: রুবেল (২২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বন্দুক, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মা পাড়া এলাকার মো: সিদ্দিকের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলা সদর ইউনিয়নের বড় হাবির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

ছবি- বার্তা বাজার

র‍্যাবের দাবী- নিহত মাদক ব্যবসায়ী একজন অস্ত্রধারী ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

র‍্যাব ১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, মঙ্গলবার ভোর রাতে হাবিরছড়া এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচারের গোপন সংবাদে র‍্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছোঁড়লে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনা স্থল তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা,১অস্ত্র ৩টি গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রুবেলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর