ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী শিশু সুমনা আক্তার (৯) হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও শোক সভা করেছে ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তারা।
এর আগে সন্ধ্যা ৭টায় মোমবাতি হাতে একটি শোক মিছিল শহরের চৌরাস্তা থেকে কালীবাড়ি হয়ে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শিশু সুমনা আক্তারকে স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় সংক্ষিপ্ত শোক সভায় শিশু সুমনা আক্তার হত্যার প্রতিবাদ করে গ্রেফতারকৃত ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রিয়াজ আহম্মেদ কানন, আজ গ্রেফতার হওয়া রিয়াজ আহম্মেদ কাননের পিতা ইয়াসিন হাবিব কনক, মাতা রুকসানা বেগম ও নানা অকছেদ আলী এবং এ ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সুমনা আক্তার। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে গত ১৬ ডিসেম্বর সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডাইরী করেন।
বিষয়টি টের পাওয়ার পর গত বৃহস্পতিবার রাতে কাননের বাবা ইয়াছিন হাবিব কনক কাননকে পুলিশে পুলিশে সোপর্দ করলে জিজ্ঞাসাবাদে কানন সব স্বীকার করে। পুলিশ ওইদিন রাতেই কাননের বাসার নির্মানাধীন বাথরুমের মেঝেতে মাটিচাপা অবস্থায় সুমনার লাশ উদ্ধার করে।
এরপর থেকেই ঠাকুরগাঁওজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। গত শুক্রবার ও শনিবার জেলা স্কুল বড়মাঠে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়া আক রবিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে তারা শিশু সুমনা আক্তার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।
বার্তাবাজার/কেএ