ইবিতে বিদেশি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত মাস্টার্স শ্রেণীর ১৮ বিদেশি শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে এ বিদায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরা একুশ শতকের নাগরিক। সুতরাং সংস্কৃতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মেশার ক্ষমতা তোমাদের থাকতে হবে। তোমাদের আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়, ব্রুনাইয়ের সুলতান শরীফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়, তুরস্কের চানকিরি কারাটেকিন ও ইস্তাম্বুল ফাউন্ডেশন অফ সাইন্স এন্ড কালচার, যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রিটজকার স্কুল অফ ল এর জ্যুরিস্টিক ক্লিনিকের পারস্পরিক শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-বিজ্ঞানচর্চায় ভিন্ন মাত্রায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শ্রীলংকা, নেপাল, ভারত, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ ছাত্র-ছাত্রী অনার্স, মাস্টার্স ও পিএইচ.ডি শ্রেণিতে অধ্যয়নরত আছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর