সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে উত্তাল হয়েছে ভারত। দল-মত নির্বিশেষে মিছিলে হেঁটেছেন অসংখ্য মানুষ। ঠিক এরকম সময়েই গতকাল রোববার দিল্লীর রামলীলা ময়দানে প্রকাশ্যে জনসভা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন বিরোধীরা। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও তৈরি করে অশান্তি ছড়ানো হচ্ছে।’
তিনি বলেন, ‘সিএএকোনো ভারতবাসীর জন্য নয়। তা তিনি হিন্দু হোক বা মুসলিম। আমরা তো এনআরসি তৈরিই করিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি হয়েছে। দেশের যুবসমাজ আইনটা পড়ুন বুঝতে পারবেন। কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না।
কংগ্রেস আর শহুরে নক্সালরা গুজব ছড়াচ্ছে, মুসলিমদের নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই গুজব সম্পূর্ণ মিথ্যা।’ ‘আমি গরিবের জন্য কাজ করা মানুষ। যা করেছি সেখানে কোনো বৈষম্য দেখিনি। কার কী ধর্ম, কী জাত, কবে কোথা থেকে এসেছেন এসব কিছুই জানতে চাইনি’ যোগ করেন মোদি।
বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মোদি বলেন, ‘আপনারা মোদিকে গালি দিন। মোদিকে ঘৃণা করুন। যত খুশি জুতো মারুন। কিন্তু দেশের সম্পত্তি, গরিবের অটো, দুঃস্থর ঘর জ্বালাবেন না।’
সভায় নাগরিকত্ব সংশোধনী বিল বা এনআরসি নিয়ে কোনো বিশ্লেষণ দেননি ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মিথ্যা প্রচার চলছে, কারও অধিকার কেড়ে নেওয়া হবে না। গুজব ছড়ানো হচ্ছে। আমার কাজের বিশ্লেষণ করুন। কোথাও কোনো বৈষম্য হলে আমি জবাব দেব।’
বার্তাবাজার/কেএ