বগুড়ার শেরপুরে এক সপ্তাহের ব্যবধানে আবারো ভ্যান চালক আব্দুল মান্নানের (৫৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে কেল্লা গ্রামের একটি আলুর জমি থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে ভ্যান চালক আব্দুল মান্নান ভ্যান বাড়িতে রেখে গত রোববার বেলা ১১টার দিকে অন্য কাজের জন্য বের হন। ওইদিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকে।
স্থানিয় লোকজন কেল্লা এলাকার একটি আলুর জমির ভিতরে তার লাশ দেখতে পায়। পরে শেরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের এসআই আতোয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের একটি জমি থেকে গত ১৭ ডিসেম্বর ফজর আলী নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার হয়।
এ বিষয়ে শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, ধারনা করা হচ্ছে কে বা কাহারা মান্নানকে শ্বাসরোধ করে হত্যা এবং একটি চোখ উপড়ে ফেলে দিয়ে কেল্লা এলাকার একটি আলুর ক্ষেতে রেখে দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।
বার্তাবাজার/এমকে