ডাকসুর ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে ময়মনসিংহে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সি.কে ঘোষ রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন- সংগঠনটির ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক ঝুনু রঞ্জন দাস, জেলা শাখার যুগ্ম আহবায়ক মোকছেদুল ইসলাম তপু, তৈমুর রহমান, জামালপুর জেলা সমন্বয়ক মারুফুল হক প্রমুখ।
ভিপি নুরুল হক নুর ও অন্যান্যদের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, নুরের ওপর বাববার হামলা হলেও সন্ত্রাসীদের আইনের আওতায় না আনার কারণেই তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে একটি সন্ত্রাসী চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সাধারণ ছাত্রদের গায়ে এক ফোটা রক্ত থাকতেও তাদের উদ্দেশ্য কখনো হাসিল করতে দেয়া হবে না।
এসময় ডাকসুতে হামলাকারী সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড় ঘুরে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
বার্তাবাজার/এমকে