কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী পর্যটকবাহী ৮ জাহাজকে ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দ্বায়ে দুই লাখ ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় বিআইডব্লিউটি’র নৌ বন্দর ঘাটে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার সকাল ৮ টা নাগাদ টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ গুলো অতিরিক্ত যাত্রী বহনের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের দ্বায়ে কেয়ারি সিন্দাবাদ কে ২৪ হাজার, কেয়ারি ক্রুজ অ্যান্ড ড্রাইং জাহাজ কে সাড়ে ৭ হাজার, গ্রীন লাইন কে ৯০০, বে-ক্রুজ থেকে ১২ হাজার, আটলান্টিক কে ৭৫ হাজার, এমভি ফারহান কে সাড়ে ৩৭ হাজার, এমভি পারিজাত কে সাড়ে ৩৭ হাজার, এমভি দোয়েল কে সাড়ে ৩৭ হাজার টাকাসহ সর্বমোট ২লাখ ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন- থার্টি ফার্স্ট নাইট কে সামনে রেখে দিন দিন পর্যটক বৃদ্ধি পাচ্ছে। ফলে জাহাজ গুলো ধারন ক্ষমতার বাহিরে নিয়মিত অতিরিক্ত যাত্রী বহন করছে। তাই যে কোন দুর্ঘটনা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এমকে