বগুড়ায় ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে শিশু নিহত

বগুড়ার ধুনটে ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে রিয়াজুল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের কান্তনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং কান্তনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ব‌লে জানা গে‌ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে রিয়াজুল ইসলাম সহপাঠিদের সাথে বাড়ির পাশে ক্রিকেট খেলছিল। এসময় একই গ্রামের মইদুল ইসলাম নামের এক ব্যক্তি জৈব সার বোঝাই ট্রলি নিয়ে রাস্তা দিয়ে মাঠের দিকে যাচ্ছিল। তখন রিয়াজুল পিছন দিক থেকে ট্রলিতে উঠতে গিয়ে চাকার নিচে পিষ্ঠ হয়ে আহত হয়।

এসময় স্থানীয় লোকজন আহত রিয়াজুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ রিয়াজুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর