ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরু এবং তার সহকর্মীদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও বহিরাগতদের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার (23 ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষীণ করে টিএসসির সামনে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল বলেন, “বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর জন্য নিরাপদ জায়গা। সেখানে কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়।এই ঘটনা খুবই ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সাথে জড়িত সকলকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।”
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খালিদ বলেন, “নুরু, রাশেদ, ফারুক সহ যেসকল ভাইয়েরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাড়িয়েছে ঠিক তেমনিভাবে আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকবো, সর্বদা ন্যায়ের সাথে থেকে অন্যায় কে প্রতিরোধ করবো।”
এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় ও প্রাচ্যের অক্সফোর্ড কে সন্ত্রাসমুক্ত করার জোর দাবি জানান।
উল্লেখ্য, ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করার জন্য যে এনআরসি আইন এবং মুসলিমদের উপর হামলার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে প্রতিবাদ করে আসছে ডাকসুর ভিপিসহ সাধারণ শিক্ষার্থীরা।
বার্তাবাজার/এমকে