রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায় নিলেন দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা মোজাম্মেল হক আরজু। বার্ধক্যজনিত কারণে গত রোববার ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যকালে এই যোদ্ধার বয়স হয়েছিল ৭২ বছর।
সোমবার দুপুর ২টায় রাজারামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কাফনে শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মাননায় “গার্ড অব অনার” প্রদান করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিকক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং স্বজনরা উপস্থি ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সাবেক দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাবেক বিএরডিবির একাধিকবার সভাপতি, সাবেক সেনা সদস্য হিসেবে কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।
গার্ড অব অনার প্রদান শেষে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম পরিবারের স্বজনদের উদ্দেশ্যে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ছিলেন আমাদের দেশের গর্বিত সন্তান। তিনি মুক্তিযুদ্ধ করে আমাদেরকে বাংলাদেশ নামক একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন।
তিনি দেশের মানুষের জন্য, শ্রমিকদের জন্য কাজ করেছেন। তিনি সাবেক শ্রমিক নেতা ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের জন্য জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে। যেকোন সময় জেলা প্রশাসন এই মুক্তিযোদ্ধার পরিবারকে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত আছে।
বার্তাবাজার/এমকে