সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রয় করা মিশরীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা নির্ধারণ করায় এসব পেঁয়াজের ‘সামান্য কদর’ বেড়েছে।
রোববার প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হলেও আজ থেকে রাজধানীর বিভিন্ন স্পটে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমার কারণে ক্রেতা সমাগম সামান্য বেড়েছে। তবে পেঁয়াজ মজুতের তুলনায় ক্রেতাসংখ্যা এখনও অনেকটাই কম। ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার এ প্রতিবেদক রাজধানীর নিউমার্কেট ও সচিবালয় এলাকায় ঘুরে দেখেছেন, আগের দিনের তুলনায় টিসিবির ট্রাকের সামনে পেঁয়াজ কিনতে আসা ক্রেতাদের ভিড় কিছুটা বেড়েছে। প্রতিটি ট্রাক পেঁয়াজবোঝাই। তবে ক্রেতাদের অনেকেই এখনও জানেন না যে টিসিবির পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। তাই অনেকে ৩৫ টাকা দাম শুনে কিনতে আগ্রহী হন।
সচিবালয়ের অদূরে রেলভবনের সামনে দুপুরে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি হতে দেখে একজন পুলিশ সদস্য ৩৫ টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনে নেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মিশরীয় এ পেঁয়াজটার স্বাদ খারাপ না, ভালোই। পেঁয়াজ কেনার লাইনে কয়েকজন থাকলেও এর মধ্যে কে আগে পেঁয়াজ নেবে তা নিয়ে তর্ক শুরু হয়।
জানা গেছে, রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মিশরীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। বর্তমানে দেশীয় পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বার্তাবাজার/এমকে