সারাদেশের মতো কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলেও বইছে প্রচন্ড শৈত্য প্রবাহ। তীব্র শীত আর মৃদুমন্দ হিমেল হাওয়ায় নাজেহাল এসব এলাকার জনজীবন।
মূলত শীতের এই তীব্রতায় বেশি কাবু হয় স্বল্প আয়ের মানুষজন। শীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সামান্য উষ্ণতার ছোঁয়া দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ডিসেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ঝাউদিয়া আবাসন এলাকাতে শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া ক্যাম্পাস সংলগ্ন এলাকা এবং কুষ্টিয়ায় ভাসমান শীতার্ত পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শেখ রাইয়ান উদ্দিন।
তিনি বলেন, “মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। এই মানবিকবোধ থেকেই তারুণ্য প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারুণ্য কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষদের একটু উষ্ণতা দেওয়ার জন্যই তারুণ্যর এই কর্মসূচি। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারুণ্য নতুন উদ্যমে কাজ করার শক্তি পেলো এবং তারুণ্য তার স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে সর্বদা কাজ করে যাওয়ার চেষ্টা করবে।”
উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবছর ক্যাম্পেইন করার মাধ্যমে অনুদান সংগ্রহ করে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা ধরণের জনকল্যাণ মূলক কাজ করে আসছে সংগঠনটি।
বার্তা বাজার/এম.সি