ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ অ্যাখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
রোববার হামলার পরপরই ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আহত শিক্ষার্থীদের ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ অ্যাখ্যা দিয়ে পোস্ট দিয়েছেন।

গতকাল দুপুর ১টা ৫৯ মিনিটে তার অ্যাকাউন্টে আহত শিক্ষার্থীদের ছবিসহ একটি পোস্ট করেন। সেখানে ক্যাপশন ছিল ‘বহিরাগত শিবির ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে হামলা ও অস্থিতিশীল করতে চেয়েছিল পাগলা নুরা, সচেতন শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দিয়েছে, এই ক্যাম্পাসে কোনো স্বাধীনতাবিরোধীদের জায়গা হবে না। নুরুর নাটক সবাই বুঝে গেছে!’
নুরের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের একটি স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে তাকে (আসিফ নজরুল) রাজাকারদের দোসর অ্যাখ্যায়িত করে আরেকটি পোস্ট দেন।
সেখানে সঞ্জিত ক্যাপশন দেন, ‘মুর্খ জামাতি স্যার, আমি ডাকসু থেকে মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য এটা ভুলে গেছেন? আজ কি দিনেই খেয়ে ফেলেছেন! আপনার মতো রাজাকারদের দোসর, দালাল যে কেমনে আইন বিভাগের শিক্ষক হলেন, লজ্জা!’
উল্লেখ্য, রোববার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় অন্তত ৩২ জন আহত হন। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। হামলায় আহতদের মধ্যে রয়েছেন- সোহেল, ইমরান, হাসান মামুন, নাজমুল, মামুন, জাহিদ, বিপ্লব, আরিফ, সুমন, আমিনুল প্রমুখ।
বার্তাবাজার/এমকে