দেশের অবস্থা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন: ড. কামাল

দেশের অবস্থা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন সেন্টারে নিজ চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

কামাল হোসেন বলেন, দেশের অবস্থা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন। মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের কর্মীরা ডাকসু ভিপি নুরসহ সাধারণ ছাত্রদের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে। এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, সংবিধানের ওপর হামলা হয়েছে। পেশিশক্তি ব্যবহার করে নজিরবিহীন হামলা। সামনের বছর বৃহত্তর ঐক্য-কে সুসংহত করে যা করার সব করব। সংবিধানে দেয়া জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের ওপর আজ নানাভাবে হামলা হচ্ছে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এ সময় বলেন, আওয়ামী লীগের নতুন কমিটি হওয়ার পর ডাকসু ভিপির ওপর হামলা দলীয় চরিত্রেরই বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিচার দাবি করে ফল হবে না। এর বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন করতে হবে।

ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে মন্ত্রীরা ভিন্ন ভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। এটি করারও সুযোগ নেই বলে মন্তব্য করেন রব।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাঈদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর