বেসিক ব্যাংকে দুর্নীতি : অভিযোগ তদন্তে আবেদনের শুনানি আজ

২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এক হাজার ১৭৩ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে স্বপ্রণোদিত হয়ে রুল জারির নির্দেশনা চেয়ে করা আবেদনের ওপর শুনানি হবে আজ (সোমবার)।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা।

এর আগে আদালতের অনুমতি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ও জাতীয় দৈনিকে প্রকাশিত এ বিষয়ে প্রতিবেদন সংযুক্ত করে আইনজীবী টাইটাস হিল্লোল রেমা এ আবেদন করেন।

রুল জারির আর্জি ছাড়াও নিয়োগ-সংক্রান্ত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের দেয়া অডিট রিপোর্ট উপস্থাপন এবং শেখ আব্দুল হাই বাচ্চুকে হাইকোর্টে ব্যক্তিগতভাবে হাজিরের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে- মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দুদক চেয়ারম্যান, বেসিক ব্যাংকের চেয়ারম্যান ও শেখ আব্দুল হাই বাচ্চুকে।

গত ২৯ নভেম্বর একটি টিভি চ্যানেলে ‘৫২ বছরেও মেলে চাকরি!’ শীর্ষক শিরোনামে প্রচারিত এবং একইদিন একটি দৈনিকে ‘যেমন খুশি তেমন নিয়োগ বেসিক ব্যাংকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘বেসিক ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিখিত-মৌখিক পরীক্ষা, নিয়োগ-সংক্রান্ত বিধিবিধান- কোনো কিছুই মানা হয়নি। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকে স্থান হয়নি যোগ্য-মেধাবীদের। দুর্নীতি-অনিয়ম করে খেয়াল খুশিমতো নিয়োগ দেয়া হয়েছে, যা অকল্পনীয়। ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করে শেখ আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় এক হাজার ১৭৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে, যার প্রমাণ উঠে এসেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) নিরীক্ষা প্রতিবেদনে। সেখানে এই নিয়োগ-দুর্নীতির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে। বেতন-ভাতার নামে বাড়তি অর্থ আত্মসাতের প্রমাণাদিও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর