শুরু হয়েছে শীতের মরসুম। শীতের এই আমেজকে উপভোগ করার জন্য নানারকম প্ল্যানে ব্যস্ত শহরবাসী। সামনে রয়েছে বড়দিন। অর্থাৎ একেবারে ছুটির মেজাজে সবাই। তবে যাদের কাছে শীত থেকে উদ্ধার পাওয়ার জন্য সামান্যতম গরম জামা নেই সেই সব মানুষের কাছে এই সময়টা রীতিমত কষ্টকর হয়ে ওঠে। আর তাঁদের জন্য এই শীতে সান্তাক্লজ হয়ে উঠলেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল জৈন।
বড়দিনের আগে শহরের দুঃস্থ থেকে শুরু করে যৌনকর্মীদের কাছে অন্য রুপে ধরা দিলেন এই অভিনেত্রী। তাদের সকলকে উপহার দিলেন কম্বল। যাতে এই শীতটা একটু ভালো করে কাটাতে পারেন তারা। আর স্ত্রীর এই কাজে সঙ্গ করলেন স্বামী নিখিল জৈন। সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে লিখেছেন সব উৎসব আনন্দের বার্তা নিয়ে আসে। আর তা সকলেরই প্রাপ্য।
এর আগেও দুঃস্থ মানুষদের জামাকাপড় বিলি করেছিলেন নুসরাত। সেখানেও স্ত্রীর সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈন। আর এবারেও স্ত্রীয়ের এই মহৎ কাজে পাশে থাকলেন স্বামী।
এমনিতেও কিছুদিনের মধ্যেই নুসরাত জাহান অভিনীত সিনেমা ‘অসুর’ মুক্তি পাবে। যা বিয়ের পরে তার প্রথম কাজ হতে চলেছে। কিন্তু তার আগে যেভাবে তিনি সকলের মন জয় করলেন তাতে মানুষের মনে রীতিমত হিট নুসরাত।
বার্তাবাজার/কে.জে.পি