একসঙ্গে বিভিন্ন গোত্রের ২৭১ জুটির একইদিনে, এক মঞ্চে বিয়ে সম্পন্ন হয়েছে।রোববার (২২ ডিসেম্বর) এসব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এ বিয়ে নতুন নয়, ভারতের গুজরাট রাজ্যের সুরাজে গত ৯ বছর ধরে এমন বিয়ের আয়োজন করা হচ্ছে।
গতকালের ওই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন গুজরাট রাজ্য সরকারের মন্ত্রী ভূপেন্দ্র সিং ও গণপত সিং বাসুভা। আয়োজনে অংশ নেয়া যুগলরা মালা বদল ও নিজ রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী যুগলও ছিলেন, যারা নিজ ধর্মমতে বিয়ে করেন।
কালকের ওই আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক নারী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমার কোনো ভাই-বোন নেই। আমি এই অনুষ্ঠানের কাছে চিরকৃতজ্ঞ। আয়োজকরা অসম্ভবন সুন্দর আয়োজন করেছেন। আর এ আয়োজনে অংশগ্রহণে আমাকে সমর্থন দেয়ার জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই।’
নববিবাহিত এক দম্পতিকে নিজের মেয়ে-জামাই উল্লেখ করে মহেশ সাভানি নামের এক আয়োজক বলেন, ‘আমরা বিভিন্ন গোষ্ঠীর সহায়তায় ও সম্মিলিতভাবে অনেক বছর ধরে এ বিয়ের অনুষ্ঠান আয়োজন করছি। এ বছর সার্বিক নিরাপত্তায় উৎসাহিত করতে আমরা বরের পরিবারের লোকজনকে হেলমেট দিচ্ছি।
বার্তাবাজার/কে.জে.পি