দায়ীদের গ্রেপ্তার চান ফখরুল, নুরের শয্যাপাশে মান্না-আমান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারও দাবি করেছেন তিনি।

রবিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে তিনি নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। ভারতের এনআরসি ইস্যু নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরসহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহতদের দেখতে যান ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, জিএস খায়রুল কবির খোকন, এজিএস নাজিম উদ্দিন আলম ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও নুরকে দেখতে যান।

ফখরুল বলেন, ‘ডাকসু ভবনের ভেতরে ভিপি নুরুল হক নূরকে মুক্তিযুদ্ধ মঞ্চের লোকেরা নির্মমভাবে প্রহার করেছে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তার সঙ্গে অনেকে ছিলেন। তারাও আহত হয়েছেন।’
‘আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর