প্রবাসে নারী গৃহকর্মী নির্যাতন বন্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

বাসে নারী গৃহকর্মীদের নির্যাতন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে যৌথ বৈঠক করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সভাপতি বলেন, বৈঠকে বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি একটি যৌথসভা আয়োজনের জন্য স্পিকারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়।

জানা যায়, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়া সফরের ব্যাপারে কমিটিকে সহযোগিতার পাশাপাশি দ্রুততম সময়ে ইন্দোনেশিয়া সফরের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

টেকনিক্যাল কারণে বিদেশি কিছু মিশনে হাতেলেখা ভিসা ইস্যু করা হয় জেনে কমিটি উদ্বেগ প্রকাশ করে তা দ্রুত সমাধানের সুপারিশ করে।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে।

কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর