শিগগিরী বাংলাদেশ নৌবাহিনীর নৌবহরে যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি ২টি মিসাইল ফ্রিগেট ও নির্মাণাধীন করভেট। সেই করভেট, মাইনহান্টার, ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল ও সেইলিং শিপসহ বিভিন্ন জাহাজ ক্রয় এবং নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে সকাল ১১টায় বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০১৭/এ ব্যাচ ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৯/বি ব্যাচের নবীন অফিসারদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী ও সংগঠিত কারার লক্ষ্যে নেভাল এভিয়েশনের জন্য মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট, সাবমেরিন হেলিকপ্টার ও এলআরএমপিএ (লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট) কেনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও চলমান রয়েছে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ার লক্ষ্যে মিসাইল, আইএফএফ সিস্টেম সহ বিভিন্ন প্রকার আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কাজ।
নবীনদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘নবীন কর্মকর্তারা নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে।
রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা ও বিমানবাহিনীর আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ সামশুল হক চৌধুরী, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, এমপি এম এ লতিফ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, নৌ সদর দপ্তরের পিএসও, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌ কমান্ডোসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশি-বিদেশি কূটনীতিক ও শিক্ষা সমাপনী ব্যাচের কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে