‘২০২০ সালে বেশ কিছু নতুন গান প্রকাশ করা হবে’

বছর শেষ হতে আর মাত্র ৯ দিন। ২০২০ সালকে বরণ করে নিতে নানা রকম প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববাসী। বিদায়ী বছরের পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, প্রত্যাশা-প্রাপ্তির হিসাব ভুলে, নতুন বছর নতুন স্বপ্ন দেখছেন সবাই। ২০২০ সাল নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

কনা জানান , ‘২০১৯ সালটি বেশ ভালো কেটেছে। এ বছর গান-বাজনা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছি। এর মধ্যে কয়েকটি গান শ্রোতাদের খুব পছন্দ হয়েছে। দোয়া করি, নতুন বছর যেন আরও ভালো করতে পারি।’

তিনি আরও বলেন, ‘গানের শিল্পী কনা এ বছর ব্যবসায়িক হিসেবে নাম লিখেছে। গত শুক্রবার আমি ও আমার বন্ধুরা মিলে “প্লে হাউজ” নামে একটি কিডস প্লেয়িং জোন চালু করেছি। ভিন্ন এক ভাবনা নিয়ে এই প্লে হাউজটি করা। গানের পাশাপাশি নতুন বছর এই প্রতিষ্ঠানে সময় দিতে চাই। এটিকে সফল একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই আমরা।’

ছবি: সংগৃহীত

গান প্রসঙ্গে কনা বলেন, ‘২০২০ সালে বেশ কিছু নতুন গান প্রকাশ করা হবে। এর মধ্যে, নতুন বছর উপলক্ষে একটি মিউজক ভিডিও ও বেশ কিছু সিনেমার গান প্রকাশ হবে। হাতে কিছু নতুন গান আছে। কিছু গান রেকর্ডও করেছি। সেই গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করতে চাই। আগামী বছর শ্রোতাদের ভালো ভালো গান উপহার দিতে চাই।’

ব্যক্তিজীবন প্রসঙ্গে কনা বলেন, ‘এ বছর বিয়ে করেছি। বিয়ের কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। আগামী বছর সেটা করার ইচ্ছে আছে। নতুন বছর পরিবার-সংসার নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি সেই দোয়াই করি। পরিবারের সবাইকে নিয়ে হাসি-খুশি ও সুখ-শান্তিতে বছরটি কাটাতে চাই।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর