নওগাঁ পলিটেকনিকে বিস্ফোরণে আহত এক শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাব বিস্ফোরণের ঘটনায় আহত ৭ শিক্ষার্থীর মধ্যে তৌহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার ২২ডিসেম্বর) ভোর রাতে মারা গেছে।

নিহত তৌহিদুল ইসলাম নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।

নিহতের বাবা আতাব আলী চৌধুরী জানান, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে তার ছেলের লাশ নিয়ে আসা হচ্ছে এবং আজ দুপুর ২টায় তার নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রবিবার বিকেল ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত হন। তৌহিদসহ ৩ জন শিক্ষার্থীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজে এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরায়ার্দী হোসেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর