আগামী বছর স্বাধীনতার অর্ধশতবর্ষ (সুবর্ণজয়ন্তী) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ উপলক্ষে একটি বিশেষ কমিটি গঠন করেছে দলটি। শনিবার রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আগামী বছর স্বাধীনতার অর্ধশতবর্ষ। এই অর্ধশতবার্ষিকী বছরব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন করতে একটি উপকমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটি সারা বছর কর্মসূচি পালন করতে পরিকল্পনা করবে এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যবস্থা গ্রহণ করবে।
বিএনপি মহাসচিব বলেন, এই উপকমিটির প্রধান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে। সদস্যরা হলেন- গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
বিএসএমএমইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর উল্লেখ করে তার মুক্তির দাবিতে ‘কার্যকর আন্দোলন’ গড়ে তোলার সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে নেয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
বৈঠকে সদ্যপ্রয়াত ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও ব্র্যাক পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। একইসঙ্গে জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।
গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস